নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জঙ্গিরা অবস্থান করছে এমন খবরে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় শনিবার সকালে দু'টি বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

হাড়িনাল এলাকায় আতাউর রহমান নামের এক ব্যবসায়ীর একতলা বাড়ির অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।

এখানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ (২৫) নিহত হয়েছে বলে দাবি করেন র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও গাজীপুরের কোম্পানি কমান্ডার মুহিউল ইসলাম।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ ও অজ্ঞাত এক যুবক (২০) নিহত হয়েছে।

এখান থেকে একে-২২ বোরের একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি, বোমা তৈরির সরঞ্জাম,তিনটি চাপাতি ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

হাড়িনালের পার্শ্ববর্তী নুয়াগাঁও পাতারটেক এলাকায় জনৈক ওসমান আলীর দ্বিতীয়তলা বাড়িও ঘিরে রেখে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শনিবার সকাল ১০টার দিকে এ অভিযান শুরু হয়। দুপুর ১টার দিকেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ওই বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের থেমে থেমে গুলি বিনিময় হয়।

এ অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, 'নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ তার সহযোগীদের নিয়ে এই বাড়িতে অবস্থান করছে- এমন খবরে অভিযান পরিচালনা করা হচ্ছে।'

গাজীপুরের স্থানীয় পুলিশকে নিয়ে র‌্যাব, সোয়াট ও সিটির সদস্যরা এই অভিযান চালাচ্ছে।

মনিরুল ইসলাম আরও বলেন, বাড়ির ভেতর থেকে জঙ্গিরাও গুলি করছে। আশা করছি খুব শিগগিরই তাদের নিবৃত্ত করতে সক্ষম হবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এদিকে দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেছেন, প্রাথমিকভাবে হাড়িনালে নিহত দুই জঙ্গির নাম তৌহিদুল ইসলাম ও রাশেদ মিয়া বলে জানতে পেরেছি।

তিনি বলেন, জঙ্গিরা সাধারণত একাধিক নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে। তারা যে বাড়িতে ভাড়া ছিল, তার তথ্য এবং উদ্ধার সরঞ্জাম থেকে হয়তো সঠিক নাম পাওয়া যেতে পারে।

এমবি