রাজধানীর খিলগাঁও এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে মামুন (২৫) নামে এক মোটর মেকানিক নিহত হয়েছেন। তার বাবার নাম আব্দুল গনি। শরিয়তপুর জেলার পালং এলাকায় তার বাড়ি।
নিহতের বাবা গনি জানান, তার ছেলে মামুন মোটর মেকানিকের কাজ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাভানা কোম্পানির একটি গাড়ি গোড়ান এলাকায় ঠিক করতে যায় মামুন। সেখানে গাড়ি ঠিক করার জন্য তার নিচে মাথা দেন। এসময় সে চাপা পড়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধারের পর খিলগাঁও খিদমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
জেএ





