বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নিজস্ব অর্থায়নে নির্মিত যাত্রীবাহী জাহাজ ‘এমভি বাঙালি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সকাল ১০টায় সদর ঘাটে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা টু বরিশাল নৌপথে চলাচলের জন্য ৭৫ বছর পর বিআইডাব্লিউটিসি যাত্রীবাহী জাহাজ বহরে যুক্ত হলো বাংলাদেশে নির্মিত যাত্রীবাহী জাহাজ 'এমভি বাঙালি'।
আরো একটি নতুন যাত্রীবাহী জাহাজ 'এমভি মধুমতি' জুন মাসে বিআইডাব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ বহরে যুক্ত হবে। ফলে নৌপথে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলবাসীর যোগাযোগ আরো সহজতর হবে।
জাহাজটি নির্মাণ করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ২০১২ সালের অক্টোবর মাসে জাহাজ দুটি নির্মাণের চুক্তি হয়। বিআইডাব্লিউটিসির নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি নির্মাণে ব্যয় হয় ৫১ কোটি ২৩ লাখ টাকা।
'এমভি বাঙালি' জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৭৫০ জন, এর মধ্যে ভিআইপি/ফ্যামিলি স্যুট কেবিন ১৪টি, প্রথম শ্রেণি ডাবল কেবিন ৩৪টি, সিঙ্গেল কেবিন ৩৪টি, দ্বিতীয় শ্রেণি ডাবল কেবিন ১৮টি, ৩য় শ্রেণী (ডেক) ৫৫০ জন।
অন্যদিকে 'এমভি বাঙালি' জাহাজটির দৈর্ঘ্য ৭৫.৭৫ মিটার, প্রস্থ ১২.৫০ মিটার, উচ্চতা ৩.০০ মিটার। এর গতিবেগ ঘণ্টায় ১১.৫০ নটিক্যাল মাইল বা ২০. ৩৭ কিলোমিটার।
বিআইডাব্লিউটিসির বহরে রয়েছে ঐতিহ্যবাহী অস্ট্রিচ, মাহসুদ, টার্ন, লেপচা, সোনাগাঁও প্রভৃতি জাহাজ।
উদ্বোধনরে পর জাহাজটি প্রধানমন্ত্রীকে নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]