গত পাঁচদিনে টানা বৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানির পরিমাণ উল্লেখযোগ্য বেড়েছে। লেকে পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মো. আবদুর রহমান জানান, বৃষ্টির এই ধারা অব্যাহত থাকলে কাপ্তাই লেকে পানির পরিমাণ আরও বাড়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।
তিনি বলেন, গত এক সপ্তাহ আগেও লেকে পানি ছিল ৮২ ফুট মীন সী লেভেল (এমএসএল)। বর্তমানে রুলকার্ভ অনুযায়ী লেকে পানি রয়েছে ৯০.৩০ ফুট এমএসএল পানি। লেকে পানি বেড়ে যাওয়ায় উৎপাদন বেড়েছে।
প্রকৌশলী জানান, কাপ্তাইয়ে বর্তমানে ৫টি জেনারেটরের সবগুলো সচল রয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই থেকে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।
লেকে পানি বাড়ার ফলে বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ মাত্রায় পৌঁছানো গেছে। পানি আরও বাড়লেও এর বেশি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা কাপ্তাইয়ে নেই বলেও তিনি জানান।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম জানায়, ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টির এই ধারা আরো কয়েকদিন চলবে বলেও আবহাওয়া অফিসের বরাত দিয়ে কন্ট্রোল রুম জানায়।
বৃষ্টির কারণে লেকে পানি বৃদ্ধি পেলেও রুলকার্ভ অনুযায়ী এখনো ৩ ফুট পানি কম রয়েছে বলে জানা গেছে। রুলকার্ভের হিসেবে ১৭ আগস্ট পর্যন্ত লেকে ৯৩.৮০ ফুট এমএসএল পানি থাকার কথা। কিন্তু পানি রয়েছে ৯০ ফুট এমএসএল।
হিসেব মতে, রোববার পর্যন্ত প্রায় ৩ ফুট এমএসএল পানি কম রয়েছে বলে কন্ট্রোল রুম জানায়। তবে যে হারে বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকলে রুলকার্ভ অতিক্রম করতে আর বেশি সময় লাগার কথা নয়।
কাপ্তাই লেকে সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল পর্যন্ত পানি ধারণ ক্ষমতা রয়েছে। এর বেশি পানি হলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দিতে হবে।
কেননা ১০৯ ফুটের বেশি পানি ধারণ কাপ্তাই বাঁধের জন্য হুমকি। তবে গত প্রায় ৬ বছরের মধ্যে একবারও স্পিলওয়ের ১৬টি গেটের একটিও খোলার প্রয়োজন হয়নি বলে জানা গেছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





