বাগেরহাটের মংলায় সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যালা নদীতে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম সোমবার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শ্যালা নৌপথে সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে বিকল্প রুট হিসেবে নৌযানকে মংলা-ঘসিয়াখালী চ্যানেলে ব্যবহার করতে বলেছে বলা হয়েছে।’
গত শনিবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে ‘এম ভি সি হর্স-১’ নামের কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
এর আগেও শ্যালা নদীতে জাহাজ ডুবির পরিপ্রেক্ষিতে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল সরকার। পরে আবার তা শিথিলও করা হয়।
শ্যালা নদী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের কারণে সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। এজন্য পরিবেশবাদী সংগঠনের সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রণালয়ও এ রুটে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল।
এআইজে





