সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুব সম্পদকে কাজে লাগিয়েই দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে যুবকদের স্বক্ষমতা বাড়াতে হবে। একাজে যুব উন্নয়ন কর্মকর্তারা অগ্রণী ভূমিকা রাখছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি খুলনা বিভাগীয় যুব উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে একথা বলেন।

শনিবার মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘প্রশিক্ষণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা ও সুষ্ঠু বাস্তবায়ন কৌশল নির্ধারণ’ শীর্ষক খুলনা বিভাগীয় এ কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, পরিচালক প্রশিক্ষণ মো. আব্দুর রাজ্জাক, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে প্রমুখ। কর্মশালায় খুলনা বিভাগে কর্মরত ৮৬ জন যুব উন্নয়ন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান।
জেআই