বাংলাদেশসহ উন্নয়নশীল বহু দেশে বর্তমানে পানিসম্পদ তথা ভূ-গর্ভস্থ পানি উত্তোলন ও ব্যবহার যথাযথ ও ট্কেসই নয় বলে মন্তব্য করেছেন গ্রাউন্ড ওয়াটার হাউড্রোলজি, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের উপ পরিচালক ড. আনোয়ার জাহিদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মিট দ্যা প্রেস শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পানির অপরিকল্পিত ব্যবহার ও ব্যবস্থাপনা, অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো, দূর্বল বিতরণ ও বন্টন ব্যবস্থা, অপচয় ইত্যাদি নানাবিধ কারণে অনেক দেশ সুপেয় ও নিরাপদ পানির পরিমাণ ও গুনগত মানের সমস্যায় ভুগছে।

তিনি আরো বলেন, ভূ-গর্ভস্থ পানির দ্রুত ও অনিয়ন্ত্রিত উত্তোলনের ফলে পানিবাহী শিলাস্তরে পানি সরবরাহ ক্ষমতা ও এর গুণাগুণে ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলছে। ভূ-গর্ভস্ত পানির ব্যাপক উত্তোলনে প্রধান শিলাস্তরে আর্সেনিকের মিশ্রণ ও উপকুলীয় অঞ্চলে সমুদ্রের লবনাক্ত পানির অধিকহারে অনুপ্রবেশ পানির গুণাগুণ নষ্ট হচ্ছে।

বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের ফলে ঢাকার পানিতল স্থায়ীভাবে নেমে যাচ্ছে যা কিনা আশংকাজনক। তাই সার্বিক পানি সম্পদের যথাযথ ও দীর্ঘস্থায়ী টেকসই প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং নতুন কোন বিপর্যয় ঠেকাতে পানির সুচিন্তিত ও বিজ্ঞান সম্মত ব্যবহারের বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পরিবেশবিদ ড. মু. সিরাজুল ইসলাম, দক্ষিণ এশিয় ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের চেয়ারম্যান ড. এ আতিক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচলক ড. মাহবুবা নাজনিন প্রমুখ।

আগামীকাল ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে বলা হয় এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হচ্ছে পানি ও টেকসই উন্নয়ন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় এ বছর পানি দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে পানির সহজ প্রাপ্তি টেকসই উন্নয়নের ভিত্তি।

আগামীকাল সকাল ৯.৩০ মিনিটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর অডিটোরিয়ামে সিক্যুরিং সাসটেইনেবল ওয়াটার ফর অল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এমএ/এসএইচ