জামালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল গফুর (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের মহেশপুর কালিবাড়ী এলাকার মুন্সি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গফুর সদরের রানাগাছা ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর যাওয়ার সময় মুন্সি মার্কেট অতিক্রম করছিল। বৃদ্ধ আব্দুল গফুর রাস্তা পার হওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি পেছন থেকে বৃদ্ধকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। পরে বিকাল ৫টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জামালপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল আওয়াল জানান, স্থানীয়রা অটোরিকশাটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

কেএইচ