মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। এ নৌপথে একমাত্র চালু থাকা পদ্মাসেতু চ্যানেলটিতেও সকালে নাব্য সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় তারা।
এ রুটে আজ আর ফেরি চলাচল চালু না হওয়ারও শঙ্কা প্রকাশ করে তারা।
শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, নাব্য সংকটে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল। তবে পথিমধ্যে চ্যানেলের নাব্য সংকট হওয়ায় আবার ঘাটে ফিরে আসে।
বর্তমানে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে। এদিকে, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এ ঘাটে।
এ নৌপথে ১৭টি ফেরির মধ্যে ৫টি চলাচল করছিল সেটিও বন্ধ রাখা হয়েছে সকাল থেকে। আর ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ' স্পিডবোট চলাচলা করছে। ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় লঞ্চ ও স্পিডবোটে ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধির কোনো কিছুই মানা হচ্ছে না।
পরিসংখ্যানে দেখা যায় ৩০ আগস্ট এ রুটে ২০টি বাস, ৩৫টি ট্রাক ও ৩৭৫টি হালকা যানসহ ৪৩৯ গাড়ি পারাপার করা হয়। আর মোটর সাইকেল পার করা হয় ৫৪১টি। ৩১ আগস্ট পার করা হয় ৩০টি বাস ৬৫টি ট্রাক এবং ৪৫৭টি হালকাসহ ৫৫২ যান। আর মোটর সাইকেল পার করা হয় ৬৬৪টি। ৩৮ বার গন্তব্যে যেতে পেরেছে ফেরিগুলো।
শিমুলিয়া থেকে ২০ বার এবং কাঁঠালবাড়ি থেকে ১৮ বার। বহরে ১৭টি ফেরির মধ্যে ১৬টি শিমুলিয়া ঘাটে রয়েছে। এর মধ্যে ৬টি ছোট আকারের ফেরি। বিকল ২টি এবং অলস বসে আছে ৮টি।





