নারায়ণগঞ্জের রুপগঞ্জে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুই বছর আগে তাঁর স্বামীকেও দুর্বৃত্তরা হত্যা করে।
আজ (২৬ জুন) বুধবার সকাল ৬টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া সদর রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বিউটি আক্তারকে খুনের ঘটনা ঘটতে পারে।
নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে বিউটি আক্তার কুট্টি চাঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। বিউটি আক্তার পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে দেন।
বিউটি আক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দুই বছর আগে তাঁর স্বামীকেও দুর্বৃত্তরা খুন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের ইন্সপেক্টর (ডিআই-টু) সাজ্জাদ রুমন বলেন, দুর্বৃত্তরা বিউটি বেগমের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
এমবি





