ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. ওবায়দুল্লাহ্ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার অষ্টগ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের হামদু মিয়ার ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অষ্টগ্রামের বলাগাজী বাড়ির সাথে একই গ্রামের ওমর বাড়ির লোকজনদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ থেমে যাওয়ার পর রাতে আবারও সংঘর্ষ বাঁধে।
এতে উভয় পক্ষের ওবায়দুল্লাহ্সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল্লাহ্কে মৃত ঘোষণা করেন। নিহত ওবায়দুল্লাহ ওমর বাড়ির সমর্থক ছিলেন বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এমএনজে





