ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে ছেলেধরা সন্দেহে ইদ্রিস আলী (৪৫) নামের এক রিক্সাচালকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে ওই রিক্সাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রাবেয়া খাতুন (৪০) নামের এক নারী মারাত্মক আহত হয়েছেন।
ইদ্রিস আলী শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কুষাডাঙ্গা গ্রামের নেহার মুন্সীর ছেলে। আহত রাবেয়া খাতুন একই উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে চরধলহরাচন্দ্র গ্রামের কাউয়ুম মোল্যার স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সোমবার বিকালে রাবেয়া খাতুন রাজাপুর গ্রামের উজ্জল হোসেনের তিন বছরের ছেলে শাকিলকে জুস পান করিয়ে রিক্সা যোগে নিয়ে যাচ্ছিল। এমন সময় আশপাশের লোকজন ছেলেধরা সন্দেহে তাদেরকে গণপিটুনি দেয়। এতে দু'জনই মারাত্মক আহত হয়।
পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে ইদ্রিস আলীর মৃত্যু হয়। দু'জনই শহরের ব্যাপারী পাড়ায় ভাড়া থাকত বলে জানান ওসি হাফিজুর রহমান।
কেএইচ





