রাজধানীর বাড্ডায় মালবাহী লরির ধাক্কায় বাইসাইকেল আরোহী ওমর ফারুক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডা হাকিম টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই মালবাহী লরিসহ চালককে আটক করেছে পুলিশ।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) মো: আবু হান্নান জানান, ওমর ফারুক গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কর্মস্থল থেকে ডিউটি শেষ করে বাইসাইকেল করে বর্তমান ঠিকানা মুগদা মান্ডা এলাকায় তার বাসায় ফিরছিলেন। এ সময় হাকিম টাওয়ারের সামনে লরিগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের বাবার নাম খোকন ভুঁইয়া।
এসআই আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমবি





