রাজধানীর ধানমন্ডি ১২নম্বর সড়কের ২১ নম্বর বাসায় সালমা আক্তার নামে ১৭ বছর বয়সী এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টায় এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে, এই মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। ধানমন্ডির ১২ নম্বর সড়কের ২১ নম্বর বাসা থেকে ওই গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি।

ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা। গৃহকর্মী সালমার মা-বাবা ইতোমধ্যে এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।

তাদের সঙ্গে কথা বলে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মরদেহ মর্গে পাঠাবে পুলিশ। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।

মৃত্যুর ঘটনায় গৃহকর্ত্রী আতিয়া আক্তার এবং তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এএস