নেত্রকোনায় শিশুর ছিন্ন মস্তক নিয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নেত্রকোনা শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রবিন (২২)। পেশায় রিকশাচালক রবিন নেত্রকোনা পৌর শহরের কাটলি এলাকার একলাছ উদ্দিনের ছেলে।

অন্যদিকে নিহত শিশুর নাম সজীব (৮)। সজীবের পরিবারও একই এলাকার একটি বাসায় ভাড়া থাকে। সে আরেক রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে। রইছের গ্রামের বাড়ি জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে শহরের কাটলি এলাকা থেকে ওই যুবক শিশুর ছিন্ন মস্তক নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে যুবকের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে শহরের নিউটাউন এলাকার অনন্ত পুকুর পাড়ে যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর ছিন্ন মস্তক ও যুবকের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, শিশুটির পরিচয় জানা গেছে। শিশুটি হচ্ছে- নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামের রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব (৮)। রইছ উদ্দিন বর্তমানে শহরের কাটলি এলাকায় হিরণ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, নিহত যুবকের পরিচয় উদ্ধারসহ কেন এই হত্যাকাণ্ড তা বের করতে পুলিশ তদন্তে নেমেছে। এখনও শিশুটির দেহ উদ্ধার করা যায়নি।

এমবি