চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের লোকনাথপুর নামক স্থানে করিমন দুর্ঘটনায় এক বৃদ্ধার (৫৫) মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় লোকনাথপুর পাগলা দোয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি করিমন (ভটভটি) লোকনাথপুর নামক স্থানে পৌঁছায়। এসময় করিমনের চাকায় শাড়ি পেঁচিয়ে গেলে অজ্ঞাত ওই বৃদ্ধা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দামুড়হুদা থানায় নিয়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ