কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় ছাত্রদলের আট নেতা কর্মী আহত হয়েছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ’র নেতৃত্বে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে মিছিল বের করে নগর ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রবিবার বৃহত্তর চট্টগ্রামে অর্ধদিবস হরতালে সমর্থনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বের হওয়া নগর ছাত্রদলের একটি মিছিল চট্টগ্রাম ক্লাবের সামনে এলে পুলিশ বাঁধা দেয়। এসময় ছাত্রদলের নেতা কর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা কর্মীকে গুরুতর আহত হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের দেখে মিছিল থেকে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ তাদের উসকানিমূলক স্লোগান না দেয়ার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু তারা কথা না শুনে উদ্ধত আচরণ শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।

এদিকে নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা কারণে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে ছাত্রদলের আট নেতাকর্মী আহত হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ (বুধবার) রাতে নগরীর চকবাজার এলাকার নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন (বৃহস্পতিবার) বিকেলে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় নুরুর মরদেহ উদ্ধার করে পুলিশ

সহজ কথা/টাইমনিউজ.নেট/ মাহমুদ