লক্ষ্মীপুর সদরে সোহেল রানা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের কোরালিয়া খাল পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সোহেল রানা পার্বতী নগর ইউনিয়নের মধ্য মকদ্দসপুরের মৃত রফিক উল্যার ছেলে।
পুলিশ জানায়, সকালে স্থানীয় বালাইশপুর গ্রামের কোরালিয়া খাল পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় সোহেল রানার বড় ভাই মহিউদ্দিন ঘটনাস্থলে এসে লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
নিহতের মুখে, মাথায় ও পায়ে বেশ কয়েকটি কোপের দাগ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতের বড় ভাই মহি উদ্দিন জানান, সোহেল রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল রানার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
কেএইচ





