ঝিনাইদহের কালীগঞ্জে উত্ত্যকারীদের হামলায় শাহনূর বিশ্বাস দুই পা হারানোর ঘটনায় করা মামলার ১ নম্বর আসামি মেম্বার কামাল হোসেনসহ ১৩ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
ঝিনাইদহের আমলি আদালতে (কালীগঞ্জ) বুধবার দুপুর ১২টার দিকে আত্মসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করলে বিচাররিক হাকিম কাজী আশরাফুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আসামিদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মেম্বর কামাল হোসেন, একই গ্রামের বিল্লাল হোসেন, জাহিদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, হাসান আলী, মোতালেব হোসেন, টুকু মিয়াসহ ১৩জন।
গত ৯ নভেম্বর কালীগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখ করেন মামলা দায়ের করেন দুই পা হারানো শাহনুরের ভাই সামাউল ইসলাম।
এর আগে বুধবার ভোরে মামলার ৩ নম্বর আসামি কোরবান আলীকে গ্রেফতার করে পুলিশ। গত ৭ নভেম্বর লিখন ও আরেক উত্ত্যক্তকারী বর্তমান ইউপি সদস্য কামালের ভাই আজাদকে আটক করে পুলিশ।
গত মঙ্গলবার হামলার আসামিদের ৭২ ঘন্টার মধ্যে কারাবন্দি করতে হাইকোর্টের বিচারপতি রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর বেঞ্চ নির্দেশ দেন। ২৭ নভেম্বর এর মধ্যে আসামিদের কারাবন্দী করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
জারিফ





