বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ২৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার ০৬ মার্চ তারিখ নৌবাহিনী জাহাজ সুরভি কক্সবাজার লাইট হাউজ হতে ৩০ মাইল অদূরে ভাসমান অবস্থায় ‘আল্লাহর দান’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে।

গত ৪ মার্চ তারিখে ২৩ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত তিন দিন সমুদ্রে অবস্থান করে।

এসময় জেলেরা তীব্র পানি এবং খাদ্য সংকটে পড়ে। গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় উক্ত জেলেরা বিভিন্নভাবে উদ্ধার প্রাপ্তির চেষ্টা করে ব্যর্থ হয়।

পরবর্তীতে সমুদ্রে অপারেশন প্রতিরোধে নিয়োজিত থাকাকালীন নৌবাহিনী জাহাজ সুরভি বিকল ফিশিং বোটটি দেখতে পায় এবং দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে।

বানৌজা সুরভির নৌ সদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরীভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। নৌবাহিনীর এই উদ্ধার তৎপরতায় জেলেদের মধ্যে নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ পরিলক্ষিত হয়।

এসময় জেলেরা নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম ও প্রয়োজনীয় সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রাথমিক চিকিৎসা ও সহযোগিতা শেষে বানৌজা সুরভি উদ্ধারকৃত জেলেসহ বোটটিকে টেনে কুতুবদিয়া এ্যাংকরেজের নিকট নিয়ে আসে এবং তাদেরকে বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়।

এমবি