সাভারে রাতের আঁধারে আল-মুসলিম গ্রুপ নামে একটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জমির মালিকরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্য সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার রাত ২টার দিকে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী অভিযোগ করে, মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার নামা গেন্ডা এলাকায় মনোয়ার হোসেন মিষ্টু নামের এক ব্যক্তির বাড়িসহ প্রায় পাঁচ শতাংশ জমি দখল করে নেয় উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপ নামের একটি শিল্পপ্রতিষ্ঠান। এ সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিটির চারপাশে টিন দিয়ে বেড়া দেওয়া হয়। বেড়া দেওয়ার ফলে ভেতরে আটকা পড়েছে অন্তত ১২টি পরিবার।

দখল হয়ে যাওয়া জমির মালিক মনোয়ার হোসেন মিষ্টু বলেন, আল-মুসলিম গ্রুপের ভাড়াটে সন্ত্রাসীরা রাতের আঁধারে আমার পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে আশপাশের অন্তত ১০টি বাড়ি ভাঙচুর করে। এ ছাড়াও আল-মুসলিম গ্রুপের ভাড়াটে সন্ত্রাসীরা প্রায় বিশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এলাকাবাসী বলেছে, পুলিশ ভাড়াটে সন্ত্রাসীদের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন মিষ্টু। তিনি বলেন, আল-মুসলিম গ্রুপ ক্ষমতার দাপট দেখিয়ে ওই এলাকার আরও নিরীহ পাঁচ ব্যক্তির জমি দখল করেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

তবে এ ব্যাপারে কথা বলতে গেলে আল-মুসলিম গ্রুপ কর্তৃপক্ষ কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএনজে