চাঁপাইনবাবগঞ্জে তহশিলদার স্বামী শফিকুল ইসলাম নাইস (৪৮) হত্যার অভিযোগে স্ত্রী বিউটি খাতুনকে (৩০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে বিউটিকে গ্রেফতার করা হয়।
এ হত্যাকাণ্ডটি গত ৯ অক্টোবর সংঘটিত হলেও এতে মামলা হয় গতকাল সোমবার। নিহতের ভাই মাহবুবুল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আজ মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ও সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অহেদুল ইসলাম গ্রেফতারকৃত বিউটি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়া মহল্লার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে নাচোল উপজেলার ফতেপুর (মল্লিকপুর) ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারি ভূমি কর্মকর্তা (তহসিলদার) শফিকুল ইসলাম নাইসের দাম্পত্য বিরোধ ছিল। এরই জেরে গত ৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী বিউটি খাতুনের সঙ্গে নাইসের ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে নাইস গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
জেআই





