বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য,জমজমাট জুয়ার আসর আর চোরাচালানের বাণিজ্য চলছে দিনাজপুরের হিলি সীমান্তে।

স্থানীয় প্রশাসন, কতিপয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের ম্যানেজ করেই চলছে,এ সমাজ বিরোধী কার্যক্রম।

এতে যুব সমাজ নৈতিক অধঃপতনের পাশাপাশি এলাকায় বেড়েছে চুরি,ছিনতাই,ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম। হিলি সীমান্ত সংলগ্ন মংলা এলাকায় এ মেলা বসায় এ মেলাটি এখন বাংলাদেশ- ভারত দু’দেশের চোরাকারবারীদের অবাধ মিলন মেলায় পরিনত হয়েছে।

সেখানে ভারতীয় বিভিন্ন মালামালের পাশাপাশি বিক্রি হচ্ছে ফেন্সিডিল, ইয়াবা,ভায়াগ্রাসহ বিভিন্ন মাদক দ্রব্য। এমনকি আগ্নেয়াস্ত্র বেচা-কেনার অভিযোগ উঠেছে এ মেলায়।

দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী জানায়, মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বিজয় অর্জন ম্লান করে বিজয় মেলার নামে সেখানে অশ্লীলতা ও অপরাধ কার্যক্রম চলছে।তাই আমি এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে জানিয়েছি। তারা তা বন্ধ করার আশ্বাস দিয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, গত ২০ ডিসেম্বর হাকিমপুর উপজেলার মংলা বাজারে বিজয় মেলার উদ্ভোধন করেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় দলীয় পর্যায়ের নেতাকর্মীরা। বিজয় মেলা উদ্ভোধনের কয়েক দিন পর মেলায় বিভিন্ন ধরণের জুয়া শুরু হয়। জুয়ার শুরুতেই এলাকার শত শত লোক মেলায় জুয়ার খপ্পড়ে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে সর্বশান্ত হচ্ছে।

এলাকার লোকজন জানান, বিজয় মেলার নামে জুয়া ও অশ্লীল কার্যক্রম চালিয়ে হাতিয়ে নিচ্ছে নিরীহ মানুষে টাকা। মেলা অশ্লীল নৃত্য চলায় উঠতি বয়সের ছেলেরা ধ্বংসের দিকে যাচ্ছে।

এ ব্যাপারে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বলেন, মেলায় জুয়া চলছে শুনেছি কিন্তু আমরা গেলে জুয়া বন্ধ হয়ে যায়। যতটুকু পারছি জুয়া বন্ধের চেষ্টা করছি।

গত ২৪ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১০ টায় বাংলা হিলি হাকিমপুরের উপজেলার সচেতন যুব সমাজ এলাকার স্বার্থে মেলায় গিয়ে জুয়ার আসর ভাংচুর করে বন্ধ করার চেষ্টা করেন। এর পরেও সবকিছু উপেক্ষা করে দেদারছে চালিয়ে যাচ্ছে জুয়া ও অশ্লীল নৃত্য।

ইআর