নড়াইলের লোহাগড়ায় ২৩৪ বোতল ফেন্সিডিলসহ শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ আগষ্ট) রাত ৮টার দিকে লোহাগড়া পৌর শহরের মদিনাপাড়ায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনের বাড়ি হতে ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ সময় পুলিশ ফেন্সিডিল ব্যবসায়ী শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন (৪৪) ও তার স্ত্রী লিমা বেগম (২৯) এবং তার সহযোগী মাদক কারবারী আজগর মুন্সি (৩৮) কে গ্রেফতার করে।
মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
সে নড়াইল জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-(১২৯৫) এর একজন সদস্য।
আজগর মুন্সি কুন্দশী গ্রামের জলিল মুন্সির ছেলে। সেও উক্ত শ্রমিক ইউনিয়নের সদস্য।
পুলিশ জানায়, আটক শ্রমিক নেতারা শ্রমিক রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল।
এ ব্যাপারে নড়াইল জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, শ্রমিকদের জন্য এটা একটা লজ্জাকর ও ন্যাক্কারজনক ঘটনা। মামুন শ্রমিকদের সম্মান ক্ষুন্ন করেছে, তিনি শ্রমিক পরিচয়ের অন্তরালে এমন অনৈতিক ব্যবসা পরিচালনা করায় আগামী বোর্ড মিটিংয়ের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
হুমায়ুন/এসএম





