পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছয়ফুল ইসলাম (৫০) মে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে আটোয়ারী থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ছয়ফুলের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত হাজি ফইমউদ্দিনের পুত্র। মঙ্গলবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত থেকে ছয়ফুল নিখোঁজ। তাকে না পেয়ে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজ খবর নেয়। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
বুধবার সকালে পরিবারের লোকজন ও এলাকাবাসি বাড়ির পাশ্ববর্তী একটি বড় পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে হাত-পা বাঁধা অবস্থায় ছয়ফুলের মৃতদেহ জালে আটকা পড়ে। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে।
তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম দুবৃর্ত্তরা ছয়ফুলকে মেরে হাত-পা বেধে পুকুরে লাশ ফেলে দেয়ার কথা জানালেও কারা বা কি কারণে এ ঘটনা ঘটেছে তার কোন ক্লু জানাতে পারেননি। তবে তার ছেলে গ্রীসে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান মৃতদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





