দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাশ মেলায় বোমা হামলার ঘটনার এক সপ্তাহ পার না হতেই জেলার একই উপজেলায় ১নং ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাট ডহচি গ্রাম ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে ২ জন আহত হয়েছে বলে জানাযায়। আহতরা হলেন জেলার বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিপতি চন্দ্র রায়ের পুত্র রঞ্জিত চন্দ্র রায় (৪৫) এবং আরেকজন কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দিজেন চন্দ্র রায়ের পুত্র মিঠুন চন্দ্র (২৫)।
আহতদেরকে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা এক জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মন্দির চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানাযায়। প্রত্যক্ষদর্শী সুবাস চন্দ্র জানান, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে হঠাৎ অজ্ঞাত তিন চার জন যুবক এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে, পরে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তাদের ছোড়া গুলিতে রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) নামে দুই জন আহত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুষ্কৃতিকারীদের গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, মাত্র ৬ দিন পূর্বে জেলার একই উপজেলার কান্তজিউ মন্দির সংলগ্ন মেলায় বোমা হামলার ঘটনা ঘটে।
এমএ





