নীলফামারীর কিশোরগঞ্জে কণা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম টিপু পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার ওই প্রধান শিক্ষকের বিচার চেয়ে কণা আক্তারের বাবা ভুট্টু মিয়া ও মা মোর্শেদা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অভিযোগ করেন।

এর আগে, ক্লাসে অংক ভুল করায় শনিবার কণা আক্তারকে পিটিয়ে আহত করেন ওই প্রধান শিক্ষক। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত কণা আক্তার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে জানায়, শনিবার স্কুলের টিফিনের পর বিকাল ৩টার দিকে ক্লাসে অংক ভুল করায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম টিপু তাকে আম গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

প্রধান শিক্ষক নুরুল ইসলাম টিপু মারধরের বিষয়টি স্বীকার করে জানান, ওই সময় মাথা ঠিক ছিলনা। তার ভুল হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ইউএনও সিদ্দিকুর রহমান জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ