নড়াইলের লোহাগড়া থানা পুলিশ একটি দেশী তৈরী দেশীয় অস্ত্রসহ দু’জন সন্ত্রাসীকে আটক করেছে।
বুধবার (১৬ আগস্ট) লোহাগড়ার তেলকাড়া গ্রামবাসিদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ৩ টার দিকে মধুমতি নদীতে ট্রলারযোগে ৮/১০ জন সন্ত্রাসী এসে কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে প্রবেশ করে। গভীর রাতে ট্রলার আসায় গ্রামের লোকদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।
গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গ্রামে তল্লাশী চালালে তেলকাড়া গ্রামের মাহাতাব মোল্যার ছেলে শাকিলের(২৫) বাড়িতে লোক সমাগমের খবর পান। গ্রামবাসিরা ওই বাড়িতে গেলে সন্ত্রাসীরা ট্রলারযোগে পালিয়ে যায়।
গ্রামের লোকজন একটি দেশী তৈরী শার্টারগান ও ৫ রাউন্ডগুলি দেখতে পেয়ে শাকিলকে আটকে পুলিশকে খবর দেয়।
শাকিল গ্রামবাসীদের জানায়, করগাতি গ্রামের হাতকাটা জাহাঙ্গীর ওরফে উজ্বল, সউদ খান সহ ৮/১০ জন সন্ত্রাসী তার বাড়িতে এসে তাকে জিম্মি করে বলে যে, সৌদি মিজানের ঘর কোনটা দেখা। রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাকে(শাকিলকে) মারপিট করে।
লোকজনের শোরগোল দেখে তারা ট্রলারযোগে দ্রুত পালিয়ে যায়। শাকিল গ্রামবাসীদের আরো জানায়, সন্ত্রাসীদের সাথে তেলকাড়া গ্রামের মৃত তাইজোল মোল্যার ছেলে মশিয়ার মোল্যা (৪০)ছিল। গ্রামবাসীরা মশিয়ার মোল্যাকে আটক করে গ্রামের চৌকিদার হাফিজুর রহমানের জিম্মায় রাখেন।
বুধবার সকালে লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ তেলকাড়া গ্রাম থেকে শাকিল(২৫) ও মশিয়ার মোল্যা(৪০) কে আটক করে থানায় নিয়ে যায়।
হুমায়ুন/জেড





