ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য নিয়ে পুলিশ অপব্যবহার করবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অপব্যবহার করলে পুলিশও ছাড় পাবে না।’ দ্রুত অপরাধীদের শনাক্ত করতে ভাড়াটিয়াদের তথ্য নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি ভাড়াটিয়াদের তথ্য নিকটস্থ থানায় জমা দিতে বাড়ির মালিকদের নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। এই তথ্য নেয়া বন্ধ করতে ডিএমপিকে গতকাল ও আজ পরপর দুটি আইনি নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী।
তবে মন্ত্রী বলছেন, ‘যত সন্ত্রাসী ঢাকায় অবস্থান করছে তারা অধিকাংশ ভাড়াটিয়া। বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ করে, ভাড়াটিয়া হিসেবে অবস্থান করে নানা অপরাধ করছে। এজন্যই ডিএমপি ভাড়াটিয়াদের তথ্য নিচ্ছে। যে যেখানে থাকুক সবার পরিচয় জানা দরকার বলে আমরা মনে করি।’
তিনি বলেন, ‘ভাড়াটিয়াদের তথ্য নিয়ে আমরা একটি ডাটাবেজ তৈরি করবো। যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করা যায়। অপরাধ সংঘঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় কে ছিল তা জানা যাবে।’
সেই আগের পুলিশ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও সক্ষম। যখন যেখানে অঘটন ঘটছে, তাৎক্ষণিক পুলিশ সেখানে যাচ্ছে। তবে দুই একটি অপকর্ম হচ্ছে না তা বলছি না। তবে তাদের কাউকে আমরা ছাড় দেইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে, চাকরি যাচ্ছে জেলে যেতে হচ্ছে।’
এমই





