রাজধানীর শনির আখড়ায় রক্তাক্ত অবস্থায় দুই নারী-পুরুষকে পথচারীরা উদ্ধার করেছে।
রোববার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে শনির আখড়া ব্রিজের কাছে থেকে তাদেরকে উদ্ধার করে।
গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁরা মারা যান।
এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- মানসুরা আক্তার (৩০)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধনেশর গ্রামের মনিরুজ্জামানের মেয়ে। অপর পুরুষের (৪৫) নাম জানা যায়নি।
দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মহিউদ্দিন হাসপাতালে গণমাধ্যমকে জানান, শনির আখড়া ব্রিজের ঢালে রক্তাক্ত অবস্থায় ওই নারী-পুরুষ রাস্তার উপরে পড়ে ছিলেন। আশপাশের লোকজন জানিয়েছেন, একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, অজ্ঞাতনামা ব্যক্তির নামা-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মোবাইলের মাধ্যমে নিহত নারী মানসুরার নাম জানা যায়। মৃতদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।
এমবি





