ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সেই বাসচালক মো. জাকির হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

শনিবার বেলা দেড়টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ আটক করে।

জাকির হোসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রহমতপুর নীলগঞ্জ গ্রামের জয়নাল আবেদিন হাওলাদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, গত ৮ এপ্রিল বুধবার ভাঙ্গায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় ২৫ জন নিহতের ঘটনার পর দিন বৃহস্পতিবার বেলা ১১ টায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মমিনুল হক বাদী হয়ে চালক মো. জাকির হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। সেই মামলায় শনিবার তাকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তির সময় তিনি বলেন, গাড়িতে ডাকাত পড়েছিল।

উল্লেখ্য, ৮ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা থেকে পটুয়াখালী জেলার কলাপাড়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়েছিল সোনারতরী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৭০৭৪) একটি বাস। পথিমধ্যে রাত দেড়টায় ভাঙ্গা উপজেলার কৈডুবি নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২৩ জন পরবর্তীতে আরও ২ জনসহ ২৫ জন নিহত হয়।

জেআই