ময়মনসিংহের হালুয়াঘাটে মিক্সার মেশিন বোঝাই ট্রলি উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ধারাবাজার এলাকার ইটাখলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুল উপজেলার সরচাপুর গ্রামের হারুন অর রশিদ (৬৫) ও মো: হাবিবুর রহমান হবি (৩৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

তিনি বলেন, সকালে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ট্রলিতে মিক্সার মেশিন নিয়ে হালুযাঘাটের দিকে আসছিলেন। পথে ইটাখলা নামক স্থানে আসলে ট্রলি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও এক জনকে মৃত ঘোষণা করেন।

পরে কর্তব্যরত চিকিৎসক আহত পাঁচ জনকে চিকিৎসা দেন এবং তাদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এমবি