বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বহিষ্কারাদেশের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিচার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা সেক্রেটারী মো: রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সবুজ, নোবেল সরকার, মোজাম্মেল হক, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আনন্দমোহন কলেজ সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, কোন রাজাকারের দোসর শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারে না। অবিলম্বে বিতর্কিত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিচারের দাবী ও বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান তিনি।
উল্লেখ্য, যুদ্ধাপরাধ অভিযোগে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার পর বিতর্কিত মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম। তার এই বিতর্কিত মন্তব্যের কারণে বুয়েট ক্যাম্পাসে লাঞ্চিত হন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলমের লাঞ্চিত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ সভাপতি শুভ্র ও সাধারণ সম্পাদক কনককে আজীবনের জন্য বহিষ্কার করে।
এমকে





