পাহাড়ী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি পাহাড়ী সংগঠন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুব ফোরাম, পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন্স নামের সংগঠন।
১৫ জানুয়ারি দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীকে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে আইয়ূব আলী। তিনি সেটেলার বাঙালী।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা অনতিবিলম্বে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘সমতলের কিছু ঘটনার বিচার হলেও পার্বত্য এলাকায় কোনো বিচারের নজির নেই।’

পাহাড়ে ধর্ষণের ঘটনায় মেডিকেল টেস্ট রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে সরকারের গোপন নিষেধাজ্ঞা থাকায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হয় না বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা বলেন, ‘পাহাড়ে ধর্ষণ-খুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটার সঙ্গে আরেকটার যোগসূত্র রয়েছে। এ সব সরকারের পরিকল্পনারই অংশ।’
কোন সরকারের সময়েই পাহাড়ে শান্তি আসেনি উল্লেখ করে তিনি বলেন, ‘সব সরকারই আশ্বাস দিয়ে পাহাড়ীদের সঙ্গে প্রতারণা করে আসছে।’‘মিথ্যে’ আশ্বাস না দিয়ে পাহাড়ীদের সকল সমস্যা সমাধানে সেনা প্রত্যাহারসহ সেটেলার বাঙালীদের অন্যত্র স্থানান্তরের দাবিও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি থুইক্ক্যাচিং মারমা, মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ।
জেআই