চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে সেগুন কাঠ পাচারকালে বিজিবি’র ধাওয়া খেয়ে জিপ (চাঁদের গাড়ি) উল্টে একজন নিহত হয়েছে। এতে দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা থানার আওতাধীন রাইখালী ডংনালা সড়ক হয়ে একটি চাঁদের গাড়ি ভর্তি করে সেগুন কাঠ পাচার করে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) ডংনালা ক্যাম্পের সদস্যদের নজরে আসে। তারা আরেকটি গাড়িতে করে সেটিকে ধাওয়া করে।
এই সময় রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সড়ক হয়ে পালানোর চেষ্টা করলে কোদালা ৮ নং ওয়ার্ডের একটি স’ মিলের সামনে গিয়ে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনার খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমের বাড়ি পূর্ব কোদালা গ্রামে বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার চাঁদের গাড়ি উল্টে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





