পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট মৎস্যবন্দর থেকে বুধবার সকালে অস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে সোহরাব (৪০) ও একই উপজেলা ধানিশাফা ইউনিয়নের তুজাম্বর আলীর ছেলে আ. রহিম (৩৫)।
পিরোজপুর সদর থানা থেকে বুধবার দুপুরে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের বেগ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আজহার পাঁচ-ছয় দিন আগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের জামাল মিয়ার একটি ট্রলার চুরি হয়ে যায়।
জামাল মিয়ার ভাই মনিরুল আলম ট্রলারটি খুঁজতে বুধবার পিরোজপুরের পাড়েরহাট মৎস্যবন্দরে আসেন। সকাল ৯টার দিকে নদী থেকে একটি ট্রলার আসতে দেখে মনিরুল স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ট্রলারটি শনাক্ত করেন।
পাড়েরহাটের মৎস্য ব্যবসায়ী আহসানুল হক শামিম জানান, ট্রলারটি আটকের সময় স্থানীয়রা ট্রলারে থাকা জলদস্যু আব্দুর রহিমকে ধরে গণধোলাই দেন। পরে পুলিশ এসে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে দুটি একনালা বন্দুক, ৪৯টি বন্দুকের গুলি, একটি রামদাসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ. রাজ্জাক মোল্লা জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকতি আইনে মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





