নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার জামতলা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ শাপলা বেগম (২৫) ও আমেনা আক্তার রীতা (২৮) নামে দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতে ইয়াবার চালান পৌঁছে দিতেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ অভিযান চালানো হয়। বুধবার দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানা পুলিশ সাংবাদিকদের এসব তথ্য জানান।
শাপলা বেগম দিনাজপুরের বিরামপুর থানার চকপাড়ার বাবু মিয়ার স্ত্রী। আর একই এলাকার আশরাফের স্ত্রী আমেনা আক্তার রীতা।
অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার দুইজন এএসআই নাহিদ আহমেদ ও কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আমেনা বেগম রিতা ও তার বোন শাপলা বেগম চিহ্নিত মাদক বিক্রেতা। জামতলার মাদক বিক্রেতা মাসুম তাদেরকে নিজের স্ত্রী পরিচয়ে বিভিন্ন ভাড়া বাড়িতে রেখে ইয়াবা ও মাদক বিক্রি করাতেন।
মঙ্গলবার রাতে প্রথমে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে শাপলা বেগম ও তার দেওয়া তথ্য অনুযায়ী জামতলায় একটি ভাড়া ভাড়ি থেকে আমেনা বেগম রিতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
এমই





