সুচিত্রা সেন শুধু পাবনা নয়, সারা বাংলাদেশ তথা বাঙালীর গর্ব। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে।
সোমবার দুপুর ১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলা চলচ্চিত্রের প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক। সুচিত্রা সেনের জীবনীর উপর আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড. এম আবদুল আলীম, সুচিত্রার স্মৃতিবিজড়িত স্কুল পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম, পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মেহের সুলতানা, প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, কৃষিবিদ জাফর সাদেক, সঙ্গীত শিক্ষক আবুল হাশেম, পূর্নিমা ইসলাম, পাবনা ড্রামা সার্কেলের সম্পাদক সরোয়ার উল্লাস, নাট্যকর্মী সিনথিয়া রহমান, টাউন গার্লস হাইস্কুলের ছাত্রী শায়লা খাতুন প্রমুখ।
বক্তারা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা করার কাজের ধীরগতিতে হতাশা ব্যক্ত করেন। বক্তারা সরকারকে দ্রুত বিষয়টি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এ ছাড়া পাবনার কোনো একটি স্থান বা প্রতিষ্ঠানের নাম সুচিত্রার নামে নামকরণ ও সরকারি এডওয়ার্ড কলেজে নাট্যকলা বিভাগ চালুর দাবিও জানান।
পরে সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
জেআই





