লক্ষ্মীপুরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদরের ঢাকা-রায়পুর মহাসড়কের চরচামিতা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এএস





