জেলার ধামইরহাটে স্থানীয়দের হাতে আবারও একটি অজগর ধরা পড়েছে। উপজেলার আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানের পাশে জগৎনগর গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে এটি উদ্ধার করা হয়।
গত ছয় মাসে ধামইরহাট আলতাদীঘি শালবন এলাকায় আটক হলো দুটি অজগর ও দুটি চন্দ্রবোড়া সাপ। তবে উদ্ধার করা অজগরগুলো ইতোপূর্বে বনবিভাগের পক্ষ থেকে ছাড়া সাপ বলে ধারণা করছেন স্থানীয়রা।
তারা জানান, মঙ্গলবার দুপুরে গ্রামের একটি গভীর নলকূপের পাশে তালগাছের গোড়ায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে ধামইরহাট বন বিভাগের প্রাণী সম্পদ কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ফাহমিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে বনবিট কার্যালয়ে আনা হয়। পরে সেটি খাঁচায় বন্দী করে রাখা হয়। অজগরটি উদ্ধারের পর রাজশাহী বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধার করা অজগরটি ইতোপূর্বে বনে ছেড়ে দেওয়া সাপগুলোর একটি কীনা- তা পরিষ্কার করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, অজগরটির ওজন প্রায় ১৬ কেজি, লম্বায় সাত ফুট।
বনবিট কার্যালয়ে অজগরটি আনার পর সেটি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেন। এর আগে, ৭ ফেব্রুয়ারি উপজেলার দেবীপুর গ্রামে একটি চন্দ্রবোড়া উদ্ধার করে গ্রামবাসী। গত বছর ১২ আগস্ট গভীর রাতে ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা গ্রামের বসত বাড়িতে খাবারের সন্ধানে হানা দিতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে প্রায় ১০ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর। একই বছর ২৯ সেপ্টেম্বর উপজেলার নন্দনপুর গ্রামে ধরা পড়ে আরও একটি চন্দ্রবোড়া। সাপগুলো ধরার পর এলাকাবাসীর তোপের মুখে প্রথমে রাজশাহী এবং পরে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয় বলে জানা গেছে।
জেআই





