মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২ টি জেলা পরিষদ, ৫৭ ইউনিয়ন পরিষদ (ইউপি)  ও একটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, নির্বাচনী এলাকার পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি জানান, ১২টি জেলা পরিষদ, ৫৭টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভার সাধারণ/বিভিন্ন পদে উপনির্বাচন/পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩২টি জেলার ৪৫টি উপজেলায় ২৩টি ইউপিতে সাধারণ, ৭টি ইউপিতে বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন, ২৮টি ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন, ১১টি জেলা পরিষদের ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনের সময় স্থগিত ৫টি সংরক্ষিত ওয়ার্ডের এবং ২০টি সাধারণ ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম জেলা পরিষদের একটি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সরকারের এসব নির্বাচনে মেয়র-চেয়ারম্যান পদ দলীয়ভাবে ও সদস্য-কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচনী এলাকাগুলোর পরিস্থিতি ও গুরুত্ব বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন তারা।

এর মধ্যে কক্সবাজারের মহেশখালী উপজেলার স্থগিত হওয়া কালারমারছড়া ইউপির সাধারণ নির্বাচনে গোলযোগের আশঙ্কায় ‘সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা’ নেওয়া হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে মঙ্গলবার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

সীমানা জটিলতার কারণে বছর পাঁচেক আগে চিথলিয়া ইউনিয়ন ভেঙে এই দুটি ইউনিয়ন গঠনের পর নির্বাচন হয়। আগামী ৯০ দিন পরে দুটি ইউনিয়নেরই মেয়াদ শেষ হবে।

দুটি ইউনিয়নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাসদ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থী লড়ছেন। চিথলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয় প্রার্থী। এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৭ জন আর তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধুবইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং তিনটি সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের মেঘনা উপকূলে রামগতি উপজেলার চরআলগী, বড়খেরী ও চর আবদুল্লাহ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টায়।

আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ২৮ জন ও সাধারণ সদস্যপদে ৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নের মোট ভোটার ৩৫ হাজার ৩৮৮জন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচনী এলাকায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

জয়পুরহাট

জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। মোট ৯টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

মোট ১৫হাজার ১শ’৫০ জন ভোটার অধ্যুষিত ক্ষেতলাল পৌরসভার নির্বাচনে এবার মেয়র পদে আওয়ামী লীগ ,বিএনপি সহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে ৯ সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স ছাড়াও পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

জারিফ