ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে লাবণী আক্তার প্রিয়া (১৪) নামে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ ঘটনার প্রেক্ষিতে ঝালকাঠি থানায় তার বাবা মোজাম্মেল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
নিহত লাবণী আক্তার প্রিয়া সুগন্ধিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
লাবণীর মা কাজল বেগম জানান, গত শুক্রবার দিনগত রাতে তিনি ও তার স্বামী মোজ্জাম্মেল হোসেন পাশের গ্রামে প্রিয়ার মামার বাড়িতে বেড়াতে যান। এ সময় একা পেয়ে তার চাচাতো দুলাভাই এবং সুগন্ধিয়া গ্রামের আবু খানের ছেলে বখাটে স্বপন প্রিয়াকে ধর্ষণ করেন।
এসময় এ ঘটনা দেখে ফেলার নাটক সাজিয়ে স্বপনের সহযোগী বিনয়কাঠির মো. ছালামের ছেলে হৃদয় ওরফে বাবু, তার চাচাতো ভাই ফোরকান, সুগন্ধিয়ার হারুন খানের ছেলে সুমন ও আজাহার মিস্ত্রির ছেলে স্বপন তাদের আটক করে পাশের টঙ ঘরে নিয়ে ওই ছাত্রীকে মারধর করে পালাক্রমে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি ঘরে এসে তার ফুপুর কাছে এ ঘটনা খুলে বলে।
এরপর তার বাবা মোজাম্মেলকে খবর দিলে লোকলজ্জার কথা চিন্তা করে ঘরে থাকা কীটনাশক পান করে প্রিয়া। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর থেকেই প্রিয়ার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য শাসিয়ে যায় স্থানীয় প্রভাবশালীরা।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, এ ঘটনায় প্রিয়ার বাবা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওএফ





