রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছে।

নিহত হাসান মাহমুদ (৩০) নামের ওই র‍্যাব সদস্য দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন।

বুধবার (০২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই র‍্যাব সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দফরে কর্মরত ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এই ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এমবি