ঝালকাঠিতে বেকারির রিকশা ভ্যানে রুটির প্যাকেটের আড়ালে ফেন্সিডিল বহনের ঘটনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঝালকাঠি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম স্বপন, শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার আবুল হোসেন, মো. জসিম ও মো. বাবুল।

বুধবার সকালে আলাদা অভিযানে তাদেরকে আটক করা হয় বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মো. মাহে আলম জানিয়েছেন।

তিনি বলেন, “সকালে একটি বেকারি ভ্যানে রুটি নিয়ে শহরের পালবাড়ি এলাকায় অবস্থান করছিলেন বাবুল।

“ওই ভ্যানে রুটির প্যাকেটের আড়ালে ফেনসিডিল আছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ভ্যানটি তল্লাসি করে ৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।” আর ফেনসিডিলের বোতলগুলো রুটির প্যাকেটের নীচে সাজানো ছিল বলে জানান তিনি।

পরে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের পোস্ট অফিস সড়কের বাসায় অভিযান চালিয়ে আরো ২৩ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম স্বপনকে এবং শহরের পশ্চিম ঝালকাঠি থেকে আবুল হোসেন ও জসিমকে আটক করা হয় বলে জানান ওসি।

আটককৃতরা ফেনসিডিল সেবন ও বেচাকেনায় জড়িত বলে দাবি করেন তিনি।

এমএ