দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, দুদকে দুর্নীতির খাতের কোনো অভাব নেই।

রোববার বিকেলে এনবিআরের সম্মেলন কক্ষ আয়কর মেলা ২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আয়কর বিভাগের দুর্নীতি নিয়ে দুদকের করা রিপোর্ট বিষয়ে এনবিআর চেয়ারম্যানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি দুদকের সাথে দ্বিমত পোষণ করি। দুদকের এমন দুর্নীতির অনেক ক্ষেত্র আছে।

তিনি বলেন, সকলেরই দুর্নীতি আছে। সরকারী কর্মকর্তাদের বেতন কম হলে দুর্নীতি হয়। তবে নতুন বেতন কাঠামো গঠন করার পর দুনীতি অনেক কমেছে।

মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, দুদক যদি শুধুমাত্র কর ও কাস্টমস অফিসকে টার্গেট করে কাজ করে ও এখানে অফিস স্থাপন করার চিন্তা করে তাহলে আমি বলবো এটা দুদকের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না। কারণ আয়কর ও কাস্টমস আইনে না চাইলে এখানে কারো পক্ষে অফিস স্থাপন করা সম্ভব নয়।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বৃহস্পতিবার আয়কর বিভাগের দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে ২৩ দফা সুনির্দিষ্ট সুপারিশের একটি পত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর পাঠিয়েছে দুদক। ওই পত্রে আয়কর বিভাগে দুর্নীতির কারণ হিসেবে ১৩ উৎস দেখানো হয়েছে।

এর আগে আয়কর বিভাগের দুর্নীতি প্রতিরোধে দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্রাতিষ্ঠানিক টিমের রিপোর্ট অনুমোদন করে দুদক।

এসএম