গাজীপুরে অপহরণের ৩ দিন পর মুন্নী আক্তার (২২) নামে এক তরুণীর লাশের সন্ধান মিলেছে। তিনি জেলার ভাওরাইদ গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে গাজীপুর মহানগরের ভাওরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের জঙ্গলে ওই তরুণীর লাশের সন্ধান পান এলাকাবাসী। পরে পরিবারের লোকজন এসে মুন্নীর লাশ শনাক্ত করেন।
স্থানীয় মানবাধিকার কর্মী আবুল হাতেম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার মাইক্রেবাস যোগে কয়েক ব্যক্তি মুন্নীকে বাড়ি থেকে ডেকে গাড়িতে তুলে নিয়ে যায়। সোমবার দুপুরের পর লোকমুখে শুনে মুন্নীর পরিবার লাশ শনাক্ত করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লাশটি জঙ্গলেই পড়ে ছিল।
এ ব্যাপারে স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশিদ বলেন, ঘটনাস্থল জয়দেবপুর থানার অধীন হওয়ায় থানা পুলিশ লাশটি উদ্ধার করবে।
জয়দেবপুর থানার এসআই মনির হোসেন জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





