বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা এবং পুলিশের কাজে বাধাদানের দুই মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহর আদালতে তাদের জামিন মঞ্জুর করা হয়।
জামিনপ্রাপ্তরা হলেন- ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী, মমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ুন কবির হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, নাসির উদ্দিন।
এদের মধ্যে ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকে জামিন পেয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা গ্রেফতার ২১ জনের জামিন আবেদন করেছিলাম। আদালত ইউএনও মুনিবুর রহমানের করা মামলায় তিনজনকে এবং কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিকের করা মামলায় ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। তবে তিনজন উভয় মামলার আসামি। তারা জামিন পেয়েছেন। অর্থাৎ মোট ৯ ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।
বাকি আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা পরবর্তী তারিখে বাকি আসামিদের জামিনের আবেদন করব।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফায় হামলা চালানো হয়। এই হামলার অভিযোগে এবং পুলিশের কাজে বাধার অভিযোগে ইউএনও ও পুলিশ ৬০২ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেফতার করা হয়।
এমবি





