দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসকন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
এ তিন সংগঠনের ব্যানারে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
এ বিক্ষোভ সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানান, ‘সম্প্রতি ফরিদপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা ও ইসকন সভাপতি রীন্দ্র রায়কে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে হিন্দুদের মঠ-মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। কিন্তু বরাবরের মতো সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’
ইসকনের গৌর দাস ব্রহ্মচারী বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খিস্টানসহ সকলের অংশগ্রহণেই এই দেশ স্বাধীন হয়েছে।
তারপরেও একের পর এক মসজিদ-মন্দিরে হামলা অব্যাহত রয়েছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। বেশীরভাগ ক্ষেত্রেই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।’
প্রতিটি হামলার ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এসএইচ





