কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি নিহতরা মাদক কারবারি। আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুরের চরমুকন্দি গ্রামের আসমাউল সওদাগর (৩৫)। এ সময় বিজিবির সদস্য মো. মতিউর রহমান, ইমরান হোসেন ও মো. রেজাউল আহত হন।
টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদে বিজিবির একটি দল জাদিমুড়া এলাকায় অবস্থান নেয়।
এ সময় নাফ নদীর কিনারা থেকে পাচারকারীরা বিজিবির ওপর লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
য়সল হাসান খান জানান, পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে জাবেদ ও আসমাউলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে তারা মারা যায়।
তিনি আরও জানান, তাদের পকেটে থাকা কাগজে তাদের পরিচয় মেলে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশকে দেয়া হয়। পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
এএস





