আজ (১৪ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শেষ হবে। সকাল সোয়া ১১টা থেকে শুরু করে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। শুরু হয়েছে হেদায়েতী বয়ান। বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন হেদায়েতী বয়ান করছেন।
মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ যোবায়ের। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত করা হবে।
আখেরি মোনাজাতে অংশ নিতে শীত উপেক্ষা করে শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ, দেশি-বিদেশি সবাই এক জায়গায় হাজির হচ্ছেন টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত ইজতেমা ময়দানে। রবিবার (১৪ জানুয়ারি) ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল নামে ।
সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। শনিবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। গাড়ি না পেয়ে অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।
গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের ৭ হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।





